ইতিহাস গড়লেন টেইলর সুইফট, কৃতিত্ব দিলেন পরিবারকে

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। সর্বকনিষ্ঠ নারী হিসেবে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন সংরাইটারস হল অব ফেম-এ। এই বিরল অর্জনে আবেগাপ্লুত সুইফট প্রায় ২১ মিনিটের বক্তব্য দেন এবং নিজের সাফল্যের পুরো কৃতিত্ব পরিবারের সদস্যদের দেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এ অনুষ্ঠিত সংরাইটারস হল অব ফেমের অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন তিনি। বক্তব্যে স্মৃতিচারণ করে জানান, মাত্র ১৪ বছর বয়সে তার পরিবার পেনসিলভানিয়া ছেড়ে ন্যাশভিল-এ চলে যায়। সেখান থেকেই তার সংগীতজীবনের পথচলা নতুন গতি পায়। নতুন শহরে গিয়ে পরিবারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলেও তারা কখনও তার স্বপ্নপূরণে পিছপা হননি।

আবেগঘন কণ্ঠে সুইফট বলেন, “শব্দ নিয়ে কাজ করাই আমার পেশা, কিন্তু তোমরা বাবা, মা ও ভাই আমার জন্য যা করেছ, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমি কখনও খুঁজে পাব না। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমাদের কারণেই।”

৩৬ বছর বয়সী এই শিল্পী বলেন, তার জীবনে সবচেয়ে স্বাভাবিকভাবে এসেছে গীতরচনা। তিনি জানান, গান লেখা তাকে কেউ শেখায়নি; এটি ছিল তার সহজাত প্রতিভা। তবে দর্শকদের বিনোদন দেওয়া, নৃত্যকলার কৌশল আয়ত্ত করা, সংগীতজগতের জটিলতা বোঝা এবং নানা প্রতিকূলতার মধ্যেও নিজেকে সামলে রাখা এসব শিখতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক সাফল্যে আলোচনায় থাকা সুইফট এবার নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন। এর আগে সর্বকনিষ্ঠ নারী হিসেবে সংরাইটারস হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার রেকর্ড ছিল ক্যারল বেয়ার সেজার-এর দখলে। তিনি ৪৩ বছর বয়সে এই সম্মান অর্জন করেছিলেন।

এই সম্মানের জন্য সুইফটের যেসব গান বিশেষ স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে রয়েছে অল টু ওয়েল (১০ মিনিট সংস্করণ), ব্ল্যাঙ্ক স্পেস, অ্যান্টি-হিরো, লাভ স্টোরি এবং দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডাইনাস্টি।

এ বছর সংরাইটারস হল অব ফেমে আরও অন্তর্ভুক্ত হয়েছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং রক ব্যান্ড কিস-এর সদস্য জিন সিমন্স ও পল স্ট্যানলি।

এই অর্জনের মাধ্যমে টেইলর সুইফট আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন জনপ্রিয় গায়িকা নন, বরং সমসাময়িক সংগীত বিশ্বের অন্যতম প্রভাবশালী গীতিকার।

AM/AHA
আরও পড়ুন