প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) ভোরের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সুনীল কর্মকার ১৯৫৯ সালে ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চোখের আলো হারান তিনি। ওই বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। 

শুধু কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম- একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী। বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল।

ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর করে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়- প্রায় দুই শর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।

সুনীল কর্মকার শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের ধারক। একতারা ও দোতারার  ছন্দে ওনার কণ্ঠের সেই বিশেষ আবেদন শ্রোতাদের মুগ্ধ করত। সংগীতই ছিল ওনার একমাত্র ধ্যান ও জ্ঞান। মানুষ ধরো, মানুষ ভোজ ওস্তাদ জালাল উদ্দীন খাঁ সেই বিখ্যাত গানে তিনি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

দৃষ্টহীন এই শিল্পীর লোক সংগীতে অবদানের জন্য ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন।

AHA
আরও পড়ুন