জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার দেখা যাবে এক বাকপ্রতিবন্ধী নারীর জীবনসংগ্রামের গল্পে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘জ্বীনের বাচ্চা’-তে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে গ্রামের এক নিঃসন্তান ও বাকপ্রতিবন্ধী নারীকে ঘিরে। শারীরিক সীমাবদ্ধতা আর মাতৃত্বের অভাবের কারণে স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা এবং প্রতিবেশীদের কটূক্তির শিকার হতে হয় তাকে। সামাজিক এই প্রতিকূলতার মধ্যে তার একাকী লড়াইয়ের গল্পই ‘জ্বীনের বাচ্চা’। গত রোববার মুক্তি পাওয়া ১ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে গ্রামবাংলার প্রচলিত কবিরাজি ও ঝাড়ফুঁকের দৃশ্যও দেখা গেছে।
নিজের চরিত্রটি নিয়ে মৌসুমী হামিদ জানান, কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ছিল বেশ কঠিন। বলেন, চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো পর্দায় বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে। তিনি আরও যোগ করেন, এটি শুধু মাতৃত্বের নয়, বরং গভীর এক বেদনার গল্প।
এই ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন শক্তিমান অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত মাতৃত্বের গল্প। আমি বিশ্বাস করি মাতৃত্বের ভাষা সর্বজনীন। সেই অনুভূতিকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।
স্বাক্ষর কুন্ডু দীপের মূল গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাজীব হোসেন। মৌসুমী হামিদ ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক ও রিবন খন্দকার।

