জন্মদিনে হঠাৎ অসুস্থ সঞ্জয় লীলা বানসালি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

বলিউডের রাজকীয় সিনেমার কারিগর সঞ্জয় লীলা বানসালি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্ণ করেছেন তার ৬৩তম জন্মদিন। কিন্তু জন্মদিনের আনন্দ মুহূর্তের মধ্যেই ভক্তদের জন্য এল দুঃসংবাদ। জন্মদিনের ঘরোয়া পার্টির সময় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে থাকাকালীনই বানসালি অসুস্থ বোধ করেন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে নেওয়া হয়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বলিপাড়াসহ অনুরাগী মহলে উদ্বেগের ছায়া নেমে আসে।

বানসালির অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর পরিবার মুখ খুলেছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিবৃতিতে বলা হয়, ‘সঞ্জয় লীলা বানসালি সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। ভক্তদের ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।’

এরই মধ্যে জানা গেছে, জন্মদিনের পার্টিতে বানসালি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু এই দাবিকে সরাসরি নাকচ করেছেন। তার মতে, হাসপাতালের ভর্তির খবর ভিত্তিহীন, এবং বানসালি বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।

‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’ থেকে শুরু করে হালের ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-প্রতিটি কাজেই বানসালি তার সৃজনশীল মুন্সিয়ানা দেখিয়েছেন। লাখো ভক্ত প্রার্থনা করছেন, এই প্রতিভাবান পরিচালক দ্রুত সুস্থ হয়ে চেনা ছন্দে ফিরে আসবেন।

AS/FJ
আরও পড়ুন