মাস্টারশেফে বিচারকদের মন জয় করলেন শম্পা কবির

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম

বিশ্ববিখ্যাত রান্নার রিয়েলিটি শো ‘মাস্টারশেফ গ্লোবাল গান্টলেট’-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি-আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর শম্পা কবির। 

ব্রুকলিনের বাসিন্দা শম্পা তার কমিউনিটি থেকে প্রথম বাংলাদেশি আমেরিকান নারী হিসেবে এই প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ ‘অ্যাপ্রন’ জিতে নিয়েছেন এবং ‘টিম এশিয়া প্যাসিফিক’-এ নিজের জায়গা করে নিয়েছেন।

প্রতিযোগিতার বিশেষ এই পর্বে শম্পা কবির বাংলাদেশের চিরায়ত স্বাদকে আন্তর্জাতিক বিচারকদের সামনে অত্যন্ত আধুনিক ঢঙে তুলে ধরেন। তিনি সুগন্ধি চাল ও ডালের সঙ্গে বাঙালির অতি পরিচিত ‘হ্যালিবাট ভুনা’ পরিবেশন করেন। তার রান্নার শৈলী, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক উপস্থাপনা বিচারকদের মুগ্ধ করেছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ দক্ষতা দেখিয়ে তিনি আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

শম্পা কবির দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রান্নাবিষয়ক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন। সেখানে দেশীয় ও ফিউশন রেসিপি শেয়ার করার মাধ্যমে তিনি যেমন জনপ্রিয় হয়েছেন, তেমনি সেই দক্ষতাই তাঁকে আজ ‘মাস্টারশেফ’-এর মতো বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে। বিশেষ করে বাঙালি ঐতিহ্যবাহী খাবারকে বৈশ্বিক ফ্লেভারে উপস্থাপন করার ক্ষমতায় বিচারকরা তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।

শম্পার এই বৈশ্বিক মাইলফলক অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে খুশির জোয়ার বইছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বলছেন, তার এই সাফল্য আন্তর্জাতিক ফুড মিডিয়ায় বাংলাদেশি রন্ধনশৈলীর গৌরবোজ্জ্বল প্রভাবকেই ফুটিয়ে তুলেছে। এটি কেবল শম্পার ব্যক্তিগত ক্যারিয়ারের জয় নয়, বরং বিশ্বদরবারে বাংলাদেশের স্বাদের এক বড় জয়।

YA
আরও পড়ুন