২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ও আবেগঘন গল্পের কারণে দর্শকদের মন জয় করেছিল। নির্মাতা কৌশিক গাঙ্গুলীর এই ছবিতে জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। সে বছর পশ্চিমবঙ্গের অন্যতম সফল ছবির তালিকাতেও জায়গা করে নেয় এটি।
এর ধারাবাহিকতায় গত বছর ঘোষণা আসে ছবিটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’র। ২০২৫ সালের জুনে শুটিং শেষ হলেও মুক্তির তারিখ নিয়ে এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। অবশেষে জানা গেছে, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় দুই বছর পরের ঘটনাপ্রবাহ নিয়েই এগোবে নতুন কাহিনি। একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা। আগের ছবির মতো এবারও অভিনয় করছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
এক সাক্ষাৎকারে কৌশিক গাঙ্গুলী বলেন, “তিনটি চরিত্রের অনেক অজানা দিক এবার সামনে আসবে। মেঘনার মেয়ে টিকলি এখন কিছুটা বড় হয়েছে। কিন্তু সে এখনও জানে না, সুমন তার জৈবিক বাবা নয়। সেই সত্য এবার আরও স্পষ্ট হয়ে উঠবে। মূলত শিশুটিকে ঘিরেই নতুন সংকট তৈরি হবে এবং সেই সূত্রে দুই অর্ধাঙ্গিনীর পথ আবার এক হয়ে যাবে।”
সিক্যুয়েল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসানও। তিনি বলেন, “অর্ধাঙ্গিনীর গল্প ছিল ভীষণ পরিণত ও মানবিক। সেই গল্পের পরবর্তী অধ্যায়ের অংশ হতে পারা আনন্দের। প্রথম ছবিটি দর্শক অনেক ভালোবেসেছিলেন। ফলে সিক্যুয়েল ঘিরে তাদের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশাকে ছাপিয়ে কিছু উপহার দেওয়াই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
ছবির মুক্তিকে সামনে রেখে শুরু হচ্ছে প্রচারণা। এর প্রথম ধাপ হিসেবে আজ প্রকাশ করা হবে ‘আজও অর্ধাঙ্গিনী’র ফার্স্টলুক। দর্শকদের প্রত্যাশা, প্রথম ছবির মতো এই সিক্যুয়েলও সম্পর্ক, আবেগ ও জীবনের জটিল সমীকরণকে নতুনভাবে পর্দায় তুলে ধরবে।
কান উৎসবের পর এবার ‘আলী’র লন্ডন জয়