স্পেনের জয়ে উচ্ছ্বসিত সিয়াম, ছেলেকে নিয়ে উদযাপন

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই স্পেন দলের সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় আসর এলেই প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

সম্প্রতি বেলজিয়ামের বিপক্ষে স্পেনের দারুণ জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন সিয়াম। ছবিতে দেখা যায়, স্পেনের জার্সি পরিহিত ছেলেকে কোলে নিয়ে বিজয় উদযাপন করছেন এই অভিনেতা। পোস্টের ক্যাপশনে ছিল শুধু স্পেনের পতাকার ইমোজি, যা দিয়েই দলের প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

জানা যায়, সিয়ামের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও ফুটবল নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন সমর্থন। অভিনেত্রী টয়া জার্মানির, সাফা ও শাওন ব্রাজিলের এবং অভিনেতা তাওসিফ মাহবুব আর্জেন্টিনার সমর্থক। তবে স্পেনের জয়ের পর সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় সিয়ামের পক্ষ থেকেই।

পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুসারীদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। একজন লিখেছেন, "ইতিহাসের সেরা এক সেমিফাইনাল দেখার অপেক্ষায় রইলো ফুটবল বিশ্ব। ফ্রান্স বনাম স্পেন।" আরেকজনের মন্তব্য, "ফর স্পেন, ইটস নট এ বিগ ডিল." কেউ লিখেছেন, "উই আর ইন দ্য সেমি," আবার কেউ মন্তব্য করেছেন, "সেই ২০০৯ সাল থেকে যার প্রেমে পড়া।" অনেকেই স্পেনের জন্য শুভকামনা জানিয়ে আসন্ন সেমিফাইনাল নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছেন।

সিয়ামের এই পোস্টে স্পষ্ট হয়েছে, অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তার ভালোবাসা। প্রিয় দলের জয়কে পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

AM/YA
আরও পড়ুন