‘দাদাগিরি’ থেকে ‘বিগ বস বাংলা’

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন ধরেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। প্রায় ১৫ বছর ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ উপস্থাপনা করেছেন তিনি। এবার সেই পরিচিত মঞ্চ ছেড়ে নতুন চ্যানেলে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

‘দাদাগিরি’র দাদা এবার যোগ দিয়েছেন স্টার জলসায়। চ্যানেলটির নতুন রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের দায়িত্বে থাকছেন তিনি। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ওপেনিং। এরপর আগামীকাল থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল, সংগীতশিল্পী দুর্নিবার সাহা প্রমুখ বিগ বসের ঘরে আসবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ ছাড়া থাকতে পারেন সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিং। তবে কারা অংশ নেবেন বিগ বস বাংলায়, তা গোপন রাখা হয়েছে। আজ গ্র্যান্ড ওপেনিংয়ে সৌরভ গাঙ্গুলী চূড়ান্ত ঘোষণা করবেন, কারা অংশ নেবেন বিগ বস বাংলায়।

২০১৩ সালে সর্বভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ‘বাংলা বিগ বস’ শুরু হয় ইটিভি বাংলায়। তাতে সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন পর এই শোয়ের বিজয়ী হন অনীক ধর। এরপর দুই বছর বন্ধ থাকে শোটি। ২০১৬ সালে আবার শুরু হয়, সেবার সঞ্চালক ছিলেন জিৎ। চ্যানেল বদলে সেবার বাংলা বিগ বস প্রচারিত হয় কালারস বাংলায়। দ্বিতীয় সিজনে জয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল আর নতুন ফরম্যাট নিয়ে এক দশক পর আবার শুরু হচ্ছে বিগ বস বাংলা।

এএম
আরও পড়ুন