ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও মহানায়ক বুলবুল আহমেদের শিল্পীজীবনের নানা অর্জন এবার সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। তার অর্জিত পুরস্কার, সম্মাননা ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তার পরিবার।

বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের কাছে তার শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা হস্তান্তর করেন। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে বুলবুল আহমেদের অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলাদেশের এই কিংবদন্তি শিল্পীর কর্ম ও কীর্তি সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যেই পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিন ঘিরে পরিবার, সহকর্মী ও অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে তার দীর্ঘ শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ স্মারকগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

বুলবুল আহমেদের বড় মেয়ে তিলোত্তমা বলেন, ‌‘বাবার শিল্পীজীবন সম্পর্কে নতুন প্রজন্মও যেন জানতে ও বুঝতে পারে এজন্যই তার স্মৃতি ও কর্মগুলো সংরক্ষণ জরুরি। সেদিক বিবেচনা করেই আমরা সিদ্ধান্তটা নিয়েছি। ফিল্ম আর্কাইভকে ধন্যবাদ দেশের গুণিদের স্মৃতি ও শিল্পের প্রতি আন্তরিক হওয়ার জন্য।’

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এসব স্মারক উন্মুক্ত রাখা হবে। ফলে বাংলাদেশি চলচ্চিত্রের মহানায়কের ব্যবহৃত সামগ্রী ও অর্জিত সম্মাননা কাছ থেকে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরাও। পরিবারের এই উদ্যোগের মধ্য দিয়ে বুলবুল আহমেদের কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে থাকবে। তার শিল্পীজীবনের অর্জনগুলোও হয়ে উঠবে চলচ্চিত্র ইতিহাসের স্থায়ী স্মারক।

 

জেএম
আরও পড়ুন