মঞ্চ ছাড়ছেন অঞ্জন দত্ত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

কলকাতার নন্দিত সংগীতশিল্পী অঞ্জন দত্ত। শুধু গানই নয়, চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন। তবে সব কিছু ছাপিয়ে মঞ্চে বেশ প্রতিভার ছাপ রেখেছেন। কিন্তু হঠাৎ ঘোষণা দিলেন আর মঞ্চ কাজ করবেন না। ফেসবুকে নতুন নাটকের পোস্টার শেয়ার করে জানালেন, এটাই তার শেষ নাটক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানায়, উইলিয়াম শেক্সপিয়ারের উপন্যাস ‘কিং লিয়ার’ থেকে অনুপ্রাণিত হয়ে অঞ্জন দত্ত লিখেছেন ‘আরও একটা লিয়ার’। জানান, আগামী নভেম্বরে মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে। এটিই হতে পারে তার নাট্যজীবনের শেষ মঞ্চনাটক।

ভারতীয় সংবাদমাধ্যমকে অঞ্জন দত্ত বলেন, নভেম্বরে যখন নাটকটা করব, ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি, তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।

শেষ নাটক হিসেবে আরও একটা লিয়ারকে বেছে নেওয়ার কারণ হিসেবে অঞ্জন বলেন, আমার যে বয়স, নাটকে তার কাছাকাছি কোনো চরিত্র করতে পছন্দ করি। কম বয়সে চুল সাদা করে বেশি বয়সের চরিত্র করেছি এমন নয়। সেদিক থেকে এবার নাটকের চরিত্রটা আমার জন্য উপযুক্ত। আর শেষ নাটক যখন, তখন উইলিয়াম শেক্সপিয়ারের ছোঁয়া থাকলে ভালো হবে, সেটিও মনে হলো।

নাটকটির সম্পর্কে অঞ্জন দত্ত জানান, সমাজে দুর্নীতি ও ফ্যাসিজমের মধ্যে পড়ে মানুষ ছটফট করে। সেই ভাবনা শেক্সপিয়ারের এই নাটকেও আছে। তাই নাটকটা যে পরিচালকের রাজনৈতিক বিশ্লেষণের প্রতিচ্ছবি হবে, সেটা আশা করা যায়।

RA/AS
আরও পড়ুন