নতুন নতুন নাটকে বিভিন্ন চরিত্রে দর্শকদের চমকে দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তবে ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। একের পর এক ছোটখাটো বিপত্তির কথা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
বুধবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি।
দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।’
অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। জানালেন, বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।
এদিকে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং সেরেছেন। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
ক্যাটরিনা খুবই পরিশ্রমী একজন মানুষ: বিজয় ভাস্কর
আমিরের বিয়ের গুঞ্জনের মাঝেই ট্রলের মুখে কিরণ রাও
এবার সাংবাদিক চরিত্রে ওটিটিতে ফিরছেন অপূর্ব