প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, বিস্মিত হাবিব

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন এই শিল্পী।

মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয় হাবিব ওয়াহিদের বহুল জনপ্রিয় গান ‘মহাজাদু’।

বিষয়টি জানতে পেরে হাবিব জানান, সকালে ঘুম থেকে উঠে পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। পরে কৌতূহলবশত ভিডিওটি খুলে দেখেন এবং সেখানে নিজের গান শুনে বিস্মিত হন।

হাবিব বলেন, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার করা হয়েছে, যা তার জন্য সম্মান ও আনন্দের বিষয়। দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে নিজের গান স্থান পাওয়াকে তিনি অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন।

তবে এ বিষয়ে আগে থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলে জানান এই সংগীতশিল্পী। তার ভাষায়, “কেউ আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেনি। ভিডিওটি দেখে আমিও অবাক হয়েছি।”

কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেও জানান হাবিব। তবে তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও হাবিব নিজে খুব বেশি সক্রিয় নন। তিনি জানান, নিয়মিত ফেসবুক ব্যবহার না করায় মানুষের সরাসরি প্রতিক্রিয়া দেখেননি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন।

এদিকে তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি বলেও জানান হাবিব। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি চমকপ্রদ মনে হয়েছে।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে হাবিব বলেন, তিনি নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে এবং বর্তমানে সেই কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

AM
আরও পড়ুন