বাংলাদেশে আসছে এইচবিও ম্যাক্স

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স বুধবার (১৫ অক্টোবর) থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এক ঘোষণায় এ তথ্য জানায়।

বাংলাদেশের পাশাপাশি একই দিনে ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আরও কয়েকটি বাজারে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হবে।

 এইচবিও ম্যাক্স

এক প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় কনটেন্ট

এইচবিও ম্যাক্সে থাকবে সমৃদ্ধ বিনোদনের ভাণ্ডার। এর মধ্যে থাকছে এইচবিও-র অরিজিনাল শো, হ্যারি পটার সিরিজ, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস, জনপ্রিয় হলিউড ব্লকবাস্টারসহ ডিসকভারি নেটওয়ার্কের টিএলসি, ফুড নেটওয়ার্ক, এইচজিটিভি, আইডেন্টিটি ডিসকভারি এবং অ্যানিমেল প্ল্যানেট-এর শো।

উদ্বোধনের পরপরই দর্শকরা দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত এইচবিও অরিজিনাল ড্রামা সিরিজ ‘আইটি: ওয়েলকাম টু ডেরি’। স্টিফেন কিং-এর বিখ্যাত আইটি ইউনিভার্স ঘিরে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন বিল স্কার্সগার্ড, টেইলর পেইজ, জোভান অ্যাডিপো ও ক্রিস চক। এটি ‘আইটি’ এবং ‘আইটি চ্যাপ্টার টু’ সিনেমার কাহিনি আরও বিস্তৃত করবে।

এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মে থাকছে ‘সুপারম্যান’, ‘সিনার্স’, ‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস’-এর মতো আলোচিত চলচ্চিত্র। সিরিজপ্রেমীরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় শো যেমন- ‘হাউজ অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য পেঙ্গুইন’ এবং ‘দ্য পিট’।

নন-ফিকশন দর্শকদের জন্য থাকছে ‘গোল্ড রাশ’, ‘ডেডলিস্ট ক্যাচ’ এবং ‘৯০ ডে ফিয়ান্সে’। শিশুদের জন্য থাকছে ‘টম অ্যান্ড জেরি’, ‘লুনি টুনস’ এবং ‘উই বেয়ার বেয়ারস’-এর মতো চিরচেনা কার্টুন।

 এইচবিও ম্যাক্স

ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা

লঞ্চের প্রথম দিন থেকেই এইচবিও ম্যাক্সে থাকবে মাল্টি-ডিভাইস স্ট্রিমিং সুবিধা, ব্যক্তিগত প্রোফাইল তৈরি, প্যারেন্টাল কন্ট্রোল এবং কন্টেন্ট ডাউনলোড করার অপশন। সহজ ও সাবলীল ইন্টারফেসের মাধ্যমে এটি ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

বিনোদন জগতে বৈচিত্র্যময় কনটেন্ট এবং উন্নত প্রযুক্তিগত সুবিধা নিয়ে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম বাজারে এইচবিও ম্যাক্স একটি বড় সংযোজন হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

NB/SN
আরও পড়ুন