আগামী এপ্রিল মাসের মধ্যে দেশে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তিন মাস মেয়াদী জলবায়ু বার্তায় জানানো হয়েছে, এই সময়ের মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং ৫ থেকে ৭টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির শুরুতে দেওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের শেষ দিক থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল পর্যন্ত কয়েক দফায় এমন শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে।
তীব্র গরমের বিষয়ে সতর্ক করে আবহাওয়া অফিস জানায়, আগামী তিন মাসের মধ্যে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) ও মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১ থেকে ২ টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এপ্রিলের দিকে জনজীবন অতিষ্ঠ হওয়ার আশঙ্কা রয়েছে।
সাগরের পরিস্থিতি নিয়ে বার্তায় বলা হয়েছে, এপ্রিলের মধ্যে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে। এতে সাগরের অবস্থা উত্তাল থাকতে পারে।
সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কৃষি ও জনস্বাস্থ্যের ওপর এই চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আগামী ৫ দিন নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা
