তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত আমিরের অগ্রিম অভিনন্দন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আজ তিনি আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তাঁর এই সফর আমাদের জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি একে স্বাগত জানাই এবং বিশ্বাস করি এর মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক পরিপক্কতার নতুন এক অধ্যায় শুরু হবে।’

বৈঠকের বিস্তারিত তুলে ধরে জামায়াত আমির জানান, তাঁদের আলোচনায় নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারেক রহমান তাঁকে আশ্বস্ত করেছেন যে, এসব অপ্রীতিকর ঘটনা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। ডা. শফিকুর রহমান এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোনো নাগরিকই ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার হবে না।’

নতুন সরকারে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা নিশ্চিতে তারা আপসহীন থাকবেন। তাঁর ভাষ্যমতে, ‘আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে।

FJ
আরও পড়ুন