বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার নাগাদ এই বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ মার্চ) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২২ মার্চ)  ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৩ মার্চ) বৃষ্টির এই প্রবণতা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সপ্তাহের তৃতীয় দিনে বৃষ্টির আওতা দেশের অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিনও তাপমাত্রা সামান্য বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ২৬ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার ফলে বসন্তের এই সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে।

FJ
আরও পড়ুন