১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝুঁকি এড়াতে উল্লিখিত ১৫টি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Warning Signal No. 1) দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত