টানা কয়েক দিনের বৃষ্টির পর অবশেষে মেঘমুক্ত আকাশের দেখা মিলতে পারে। আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত টানা ১০ দিনের বেশি সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
সোমবার (৪ মে) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার এক পূর্বাভাসে এই সুখবর জানিয়েছেন।
গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মে মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো দেশজুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। টানা এই রোদ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। এই ১০ দিন তারা নিরাপদে ধান কাটা ও মাড়াই করার পরিকল্পনা করতে পারেন।’
দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)-এর পক্ষ থেকেও প্রায় একই ধরণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, বোরো চাষিদের জন্য এটি এ মুহূর্তের সবচেয়ে বড় সুখবর। ধান কাটা, মাড়াই ও ধান শুকানোর জন্য আগামী কয়েক দিন অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হলেও অতিভারি বর্ষণের প্রবণতা অনেকটাই কমে এসেছে। বর্তমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আকাশ পুরোপুরি পরিষ্কার হতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে। তবে ৭ মে থেকে আবহাওয়া আমূল বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
