রাতের মধ্যে ১৩ ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকালের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই কালবৈশাখী পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঝড়ের সময় নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন