ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে টানা ৯ দিন

আপডেট : ১২ মে ২০২৬, ১১:৫৮ এএম

দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বৃষ্টি বলয়। আগামী ১২ বা ১৩ মে এটি দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)। সোমবার (১১ মে) সংস্থাটি তাদের এক বার্তায় জানিয়েছেন, এই বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ৯ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি-র তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, এই নয় দিন বৃষ্টি একনাগাড়ে না হয়ে বিরতি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলবে। মূলত উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করার পর এটি ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও নিজের উপস্থিতি জানান দেবে।

পূর্বাভাসে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর। বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এসব এলাকায় শুধু বৃষ্টি নয়, বরং তীব্র ও ভয়ংকর বজ্রপাতের প্রবল ঝুঁকির কথা জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া পর্যবেক্ষক দল বিশেষভাবে সতর্ক করে বলেছে যে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বজ্রপাত থেকে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের সচেতন থাকতে হবে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি থাকলেও দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও এর আংশিক প্রভাব পড়বে। রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসব অঞ্চলে উত্তরাঞ্চলের মতো দীর্ঘস্থায়ী বা বড় পরিসরের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

বিডব্লিউওটি তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে যে, এই দীর্ঘস্থায়ী বৃষ্টি বলয়টি উত্তর দিক থেকে প্রবেশ করার কারণে উত্তরের জেলাগুলোতে কৃষি ও স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে। যেহেতু ১২ থেকে ২০ মে পর্যন্ত এই বলয়টি সক্রিয় থাকবে, তাই বিশেষ করে কৃষক ও সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখতে অনুরোধ করা হয়েছে। 

SN
আরও পড়ুন