দেশের ৮ জেলায় আজ (৮ আগস্ট) দুপুরের মধ্যে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ৬ বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টি হতে পারে, বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন হয়ে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময় রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আর আগামীকাল রোববার (৯ আগস্ট) ভোর ৫টা ৩১ মিনিটে সূর্যোদয় হবে।
নদীবন্দরে নেই কোনো সতর্কসংকেত
অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিশ্বের অন্যতম বিষাক্ত পাখি 'হুডেড পিটোহুই'