পৃথিবীর অধিকাংশ সোনা কোথায় লুকিয়ে আছে?

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা সোনার ভান্ডার থেকে সামান্য পরিমাণ মূল্যবান ধাতু উঠে আসছে ভূপৃষ্ঠে। আর এই ধাতু ওপরে পৌঁছানোর বাহন হয়ে উঠছে আগ্নেয়গিরি! হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা বিশ্লেষণ করে এমনই চমকপ্রদ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর গভীর কেন্দ্র থেকে কিছু উপাদান গলিত পাথর বা ম্যাগমার সঙ্গে মিশে ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে।

জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তিন বছর ধরে হাওয়াইয়ের ব্যাসল্ট শিলা নিয়ে গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁদের গবেষণাপত্র গত বছর প্রকাশিত হয়েছে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ।

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, সমুদ্রের তলদেশের গভীর থেকে উঠে আসা উত্তপ্ত ম্যাগমার প্রবাহের সঙ্গে পৃথিবীর কেন্দ্র থেকে আসা কিছু উপাদানও ভূপৃষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে।

পৃথিবীর গলিত কেন্দ্র থেকে কিছু উপাদান ওপরের পাথুরে স্তর বা ম্যান্টলে মিশে যেতে পারে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরেই এমন ধারণা ছিল। তবে এত দিন এর পক্ষে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। নতুন গবেষণাকে সেই ধারণার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন গবেষকেরা।

গটিংজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়নবিদ ও গবেষণার প্রধান লেখক নিলস মেসলিং বলেন, প্রায় ৪০ বছর আগে প্রথম এ ধরনের ধারণা সামনে এসেছিল। কিন্তু এত দিন তা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য ছিল না। এবারই প্রথম জোরালো প্রমাণ পাওয়া গেছে যে পৃথিবীর কেন্দ্রের কিছু উপাদান ম্যান্টলে এসে মিশছে।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট সোনার ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি রয়েছে এর গলিত কেন্দ্রে। শুধু সোনা নয়, প্লাটিনামের মতো মূল্যবান ভারী ধাতুরও বিশাল ভান্ডার সেখানে লুকিয়ে আছে।

প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের প্রাথমিক পর্যায়ে উল্কাপিণ্ডের সংঘর্ষসহ বিভিন্ন প্রক্রিয়ায় এসব মূল্যবান ধাতুর বিশাল ভান্ডার তৈরি হয়। পৃথিবী উত্তপ্ত ও গলিত অবস্থায় থাকার সময় ভারী ধাতুগুলো ক্রমে কেন্দ্রের দিকে চলে যায়।

নতুন গবেষণার ইঙ্গিত, সেই গভীর ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ উপাদান ধীরে ধীরে ওপরের স্তরে উঠে আসছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র ও ভূপৃষ্ঠের মধ্যে উপাদান আদান-প্রদানের একটি প্রক্রিয়া এখনো সক্রিয় রয়েছে।

খনন করে কি এই সোনা তোলা সম্ভব?

পৃথিবীর কেন্দ্র থেকে সোনা উঠে আসার খবর শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে তাহলে কি একদিন খনন করে সেই সোনা তোলা সম্ভব হবে?

বাস্তবতা হলো, বর্তমান প্রযুক্তিতে পৃথিবীর কেন্দ্র থেকে সরাসরি সোনা উত্তোলন কল্পনারও বাইরে। কারণ, পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, মানুষের তৈরি সবচেয়ে গভীর কূপ রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোলের গভীরতা মাত্র ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সীমানা মানুষের খনন করা গভীরতম গর্তের চেয়েও প্রায় ২৩৬ গুণ বেশি গভীরে।

তাই পৃথিবীর গভীরে থাকা সোনার ভান্ডার সরাসরি খনন করে তোলার সুযোগ এখনো মানুষের নাগালের বাইরে। আগ্নেয়গিরির মাধ্যমে সামান্য কিছু উপাদান ভূপৃষ্ঠে পৌঁছালেও তা থেকে বাণিজ্যিকভাবে সোনা সংগ্রহ করা সম্ভব—এমন কোনো তথ্য এই গবেষণায় প্রতিষ্ঠিত হয়নি।

সোনার ভান্ডার কি প্রাকৃতিকভাবেই পূরণ হচ্ছে?

গবেষকদের ধারণা, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে উপাদান পৌঁছানোর এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এটি কোনো দ্রুত ঘটে যাওয়া ঘটনা নয়; বরং ভূতাত্ত্বিক সময়ের হিসাবে অত্যন্ত ধীর একটি প্রক্রিয়া।

এই প্রক্রিয়া এখনো চলমান থাকলে পৃথিবীর গভীর থেকে অতি সামান্য পরিমাণ সোনা ও অন্যান্য ভারী ধাতু ওপরের স্তরে আসতে পারে। তবে এর অর্থ এই নয় যে পৃথিবীর সোনার মজুত দ্রুত বাড়ছে কিংবা ভবিষ্যতে মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠবে।

বিজ্ঞানীদের কাছে এ আবিষ্কারের গুরুত্ব শুধু সোনার সম্ভাব্য উৎস নিয়ে নয়। বরং এটি পৃথিবীর গভীরতম স্তরগুলোর সঙ্গে ওপরের পাথুরে স্তরের যোগাযোগ এবং গ্রহটির অভ্যন্তরীণ গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণার দুয়ার খুলে দিচ্ছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত