হামের প্রদুর্ভাব

৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু কাল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে শিশুদের মধ্যে হঠাৎ হামের (Measles) সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিক পর্যায়ে অধিক সংক্রমণ হার বিবেচনা করে এই ৩০টি উপজেলাকে নির্বাচনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে।

সমন্বিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে প্রয়োজনীয় টিকা প্রেরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যে সকল শিশু ইতিপূর্বে হামের টিকা গ্রহণ করেনি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। সরকার এ বছর দেশব্যাপী মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিশেষ এই কর্মসূচি যেসব এলাকায় চলবে তার মধ্যে রয়েছে- রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; কক্সবাজারের মহেশখালী ও রামু; এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাটসহ মোট ৩০টি উপজেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ৯টি শিশুর মৃত্যু সরাসরি হামের কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিভাবকদের দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

SN
আরও পড়ুন