হাম ও উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৮

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

সারাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে এই রোগের লক্ষণ দেখা গেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে হামের সর্বশেষ এই পরিস্থিতির তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জন এবং সিলেট বিভাগে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া ১ জনসহ মোট ৫ জন শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এর বাইরে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে এ রোগের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে শনাক্ত হলো। এর মধ্যে ৪ হাজার ৬৯৩ জন শিশুর শরীরে রোগটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এখনো বিপুল সংখ্যক শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিশেষজ্ঞরা হামের এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্ত শিশুদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত