হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

সারাদেশে হামের ভয়াবহতা কোনোভাবেই কমছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৩৯ জন শিশুর শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে চলতি সপ্তাহ পর্যন্ত সারাদেশে মোট ৩৪ হাজার ৬৬২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৪ হাজার ৮৫৬ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৩ হাজার ৩৩৮ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে একটি বড় অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯৯১ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা দিচ্ছে। হঠাৎ জ্বর, শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

FJ
আরও পড়ুন