দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং এক হাজার ৪৬৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা, একজন ময়মনসিংহ এবং একজন রংপুর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত রোগটিতে ১৩৩ জনের মৃত্যু হলো। চলতি মাসে মারা গেছেন ৩৬ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯২ জন ও দক্ষিণ সিটিতে ১৬৯ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ২৪১ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ২৫৫ জন, ময়মনসিংহে ৮৮, রংপুরে ১৭৪ জন ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ৪৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ হাজার ৫৫৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৪২৬ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মারা যাওয়া ব্যক্তিদের তথ্য ২০০০ সাল থেকে রাখে স্বাস্থ্য অধিদপ্তর। তখন থেকে হিসাব ধরলে, দেশে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি, ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় ২০২৩ সালে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
হাম উপসর্গে হাজার ছাড়িয়েছে শিশুর মৃত্যু
চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী