ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ৮৬৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; দুজন মারা গেছেন খুলনায়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৪৫ জনের প্রাণ গেল। এরমধ্যে নভেম্বর মাসের চার দিনে মৃত্যু হলো ২৬ জনের। গত অক্টোবর মাসে মৃত্যু হয় ১৭৪ জনের; ১৪৮ জনের মৃত্যু হয় তার আগের মাস সেপ্টেম্বরে। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৮৬৮ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ২০৬ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, ময়মনসিংহে ৬৬, রাজশাহী ২৭১, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৩৬ জন রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

জেএম
আরও পড়ুন