দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৫ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, ময়মনসিংহে ১০২ জন, খুলনায় ১২৫ জন এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৯১ জন।
আমু, তৌফিক-ই-ইলাহীসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০