সারাদেশে ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৮ জনের।
সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নতুন করে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন ও রাজশাহী ৩১ জন, রংপুর ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।