দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, নতুন সরকারের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ‘তৃণমূলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। নিয়োগপ্রাপ্তদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।’
হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিয়মিত উপস্থিতির ওপর কড়া নির্দেশ দেন। তিনি বলেন, প্রত্যেক চিকিৎসককে নিজ কার্যালয়ে নিয়মিত রোগী দেখতে হবে। কোনো অবহেলা সহ্য করা হবে না। পাশাপাশি সাধারণ মানুষকে হাসপাতালগুলোকে নিজেদের সম্পদ মনে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে কোনো অন্যায় বা অনিয়ম দেখলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন।’
সিরাজগঞ্জের মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে, এটি দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এছাড়া হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের বিষয়েও তিনি কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিভিল সার্জন নুরুল আমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবা সহজলভ্য ও সার্বজনীন করাই প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
