দেশের প্রথিতযশা ও জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জাকারিয়া কাজল দেশের সাংবাদিকতা জগতে এক পরিচিত নাম। তিনি বেসরকারি টেলিভিশন বাংলা টিভি এবং যমুনা টিভির ‘হেড অব নিউজ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, ইনকিলাব এবং অবজারভারে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রথমে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এবং পরে ডিআরইউ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন জাকারিয়া কাজল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, বিএফইউজে এবং ইআরএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

