সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এখন পর্যন্ত চারটি সংস্থাকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই প্রতিবেদন জমা দিতে পারেনি। বর্তমানে দায়িত্বে রয়েছে পিবিআই। আসলে আন্তরিকতার ঘাটতি থাকায় আজও এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যাকাণ্ডের তদন্ত করতে চাইনি উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, সরকার চাইলে এতদিন সময় লাগার কথা নয়। একে একে তিন সরকার এলো। কিন্তু সাগর-রুনি হত্যার বিচারের কোনো অগ্রগতিই হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। চাঞ্চল্যকর এমন কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পেছানোর কোনো নজির আছে কিনা জানা নেই। সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না বলে তাদের বিশ্বাস।
সমাবেশে সাংবাদিক নেতারা আরো বলেন, নতুন সরকার আসছে। এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে এ সরকার আন্তরিক থাকবে। এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরকারের কাছে স্মারকলিপি দেবো। এরপর একটি আন্দোলনে যাবো। এত বছরেও সাগর-রুনি হত্যার বিচারটা না হওয়া শুধু সাংবাদিক অঙ্গনের জন্য লজ্জার নয়, বরং স্বাধীন দেশের মানসম্মানের প্রশ্ন বলেও মনে করেন তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউয়ের সিনিয়র সদস্য মশিউর রহমান, সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।
আবারও পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১২১ বার
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর
