বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন

আপডেট : ০১ মে ২০২৬, ০৯:১৯ এএম

বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (আরএসএফ) তাদের বার্ষিক ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’-এ এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির মতে, সাংবাদিকতা বিশ্বজুড়ে এখন ক্রমেই অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরএসএফ বিশ্বের ১৮০টি দেশের গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন করে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে দেখা গেছে, অর্ধেকেরও বেশি দেশের অবস্থা এখন ‘কঠিন’ বা ‘খুবই গুরুতর’। মাত্র সাতটি দেশে সংবাদপত্রের স্বাধীনতা ‘ভালো’ অবস্থায় রয়েছে, যার মধ্যে শীর্ষে আছে নরওয়ে, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থান সাত ধাপ নেমে ৬৪তম (সমস্যাজনক) স্থানে পৌঁছেছে। আরএসএফ বলছে, ট্রাম্প প্রশাসন সংবাদমাধ্যমের বিরুদ্ধে সমালোচনাকে নীতিগত অবস্থানে রূপ দিয়েছে। এছাড়া আর্জেন্টিনায় হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর দেশটির অবস্থান ১১ ধাপ এবং এল সালভাদরের অবস্থান ২০১৪ সালের তুলনায় ১০৫ ধাপ নিচে নেমে গেছে।

পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকার তলানিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া (১৭২তম) ও ইরান (১৭৭তম)। গাজা, পশ্চিম তীর ও লেবাননে সাংবাদিকদের ওপর হামলার ভয়াবহ চিত্র তুলে ধরে সংস্থাটি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন।

বিশ্বের ৬০ শতাংশেরও বেশি দেশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। এই প্রবণতার উদাহরণ হিসেবে ভারত (১৫৭তম), মিশর (১৬৯তম), তুরস্ক (১৬৩তম) এবং হংকংয়ের (১৪০তম) নাম উল্লেখ করা হয়েছে। আরএসএফ-এর সম্পাদকীয় পরিচালক অ্যান বোকান্দে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিকভাবে কার্যকর ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

YA
আরও পড়ুন