ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:০৪ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এই ছুটির কারণে আগামী ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ১ জুন থেকে যথারীতি পত্রিকাগুলো আবারও বাজারে আসবে।

অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার ঈদে টানা সাত দিনের ছুটির ঘোষণা আগেই দিয়েছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী আদেশে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করায় এবারের ঈদের ছুটি ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস এই সময়ে বন্ধ থাকবে।

দীর্ঘ এই ছুটি সমন্বয় করতে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে জরুরি সেবাসমূহ যেমন- হাসপাতাল, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও ইন্টারনেট পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।

FJ
আরও পড়ুন