ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আবুহেনা রাসেলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর কার্যালয়ের মিলনায়তনে নিহতের স্মরণে দোয়া ও শোকসভা পালিত হয়।
অনুষ্ঠানে (ক্র্যাব) এর সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ’র পৃথক বক্তব্য দেন।
এর আগে, আবু হেনা রাসেল মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে আসাদগেট–সংলগ্ন একটি পেট্রলপাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে যান। সেখানে বুকের ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়লে পথচারীরা তাকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) বেলা ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
আবুহেনা রাসেল স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আবু হেনা রাসেল ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি কানাডায় চলে যান। প্রবাসজীবন শেষে ২০১৬ সালের দিকে বাংলাদেশে ফিরে আবার সাংবাদিকতা শুরু করেন। কর্মজীবনে তিনি দৈনিক ভোরের কাগজ, কালের কন্ঠ, সমকালের অপরাধ বিভাগের রিপোর্টার ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক খবর সংযোগ এর সাথে যুক্ত ছিলেন।
তিনি ১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহীর জেলায় জন্মগ্রহণ করেন।