হাদির ছবি আঁকা হেলমেট পরে ঝাঁপ দিলেন আশিক চৌধুরী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে ৫৪টি জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ‘টিম বাংলাদেশ’। ঐতিহাসিক এই মুহূর্তে গুলিবিদ্ধ রাজনীতিক শরিফ ওসমান হাদির প্রতি সংহতি জানিয়ে তার ছবি আঁকা হেলমেট পরে প্যারা জাম্পে অংশ নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ৫৪ জন প্যারাট্রুপারের এই দলগত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ৫৪ জনের দলে থাকা আশিক চৌধুরী তার জাম্পটি একটি বিশেষ আবেগের জায়গা থেকে উৎসর্গ করেছেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, দুর্বৃত্তের গুলিতে আহত শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেছিলেন। এই আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশরীরে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মহড়া প্রত্যক্ষ করেন। এদিকে, বিজয় দিবসের এই জমকালো ‘এয়ার শো’ দেখতে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। আগারগাঁও সংলগ্ন ফটকে দীর্ঘ সারি দেখা যায়। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তায় দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

DR/AHA
আরও পড়ুন