আজ ঢাকা আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:০২ এএম

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পৌঁছাচ্ছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার মিশন শুরু করবেন। এর আগে আগামী দুদিন তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার প্রধানের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি সম্পন্ন করবেন।

গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন ক্রিস্টেনসেন। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নতুন দায়িত্ব নিয়ে ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ঢাকা মিশনের শক্তিশালী দলটির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য অনুযায়ী আমেরিকাকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে কাজ করে যেতে আমি উন্মুখ।’

উল্লেখ্য, ঢাকায় এর আগে ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পিটার হাস। নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশ বিষয়ে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।

DR/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত