আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আশ্বস্ত করেছেন, ভোটারদের জন্য এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। তিনি বলেন, ‘নির্বাচনের আগে চার দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দুই দিন- এই সাত দিন বাহিনীগুলো মোতায়েন থাকবে। ফলে নির্বাচন-পরবর্তী কোনো সহিংসতার সুযোগ নেই।’
নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা তুলে ধরে তিনি জানান, এবার প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে।
খুলনা অঞ্চলের কিছু ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ অঞ্চলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন ও গণভোটের তথ্য দিতে টোল ফ্রি হেল্পলাইন চালু
