যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। এখন থেকে পাসপোর্টে প্রচলিত কাগজের স্টিকার বা ভিগনেটের বদলে ডিজিটাল পদ্ধতিতে ‘ই-ভিসা’ (e-Visa) ইস্যু করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে যারা যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করবেন, তাদের পাসপোর্টে আর কোনো ভৌত স্টিকার লাগানো হবে না। এর পরিবর্তে ডিজিটাল রেকর্ড বা ‘ই-ভিসা’ হবে ভ্রমণে ভিসার প্রধান প্রমাণ।
ব্রিটিশ সরকার মনে করছে, ডিজিটাল রূপান্তরের ফলে অভিবাসন প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ এবং দ্রুততর হবে। এতে পাসপোর্ট হারানো বা স্টিকার জালিয়াতির ঝুঁকি কমবে। মূলত বিশ্বজুড়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতেই এই সিদ্ধান্ত।
নতুন ই-ভিসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে ব্রিটিশ হাইকমিশন সংশ্লিষ্ট সকলকে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট www.gov.uk/eVisa ভিজিট করার পরামর্শ দিয়েছে।
ভিসা প্রক্রিয়ায় এমন আমূল পরিবর্তনের ফলে এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের ভিসার রেকর্ড অনলাইনে সংরক্ষিত থাকবে, যা সরাসরি এয়ারলাইনস এবং অভিবাসন কর্তৃপক্ষ যাচাই করতে পারবে।

