সারাদেশে ড্রোন উড়ানোয় ৬ দিনের নিষেধাজ্ঞা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন  উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না। তবে সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থার গবেষণা, জরিপ, কৃষিকাজ বা কোনো ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহারের প্রয়োজন হলে, আগে থেকেই বেবিচক বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থার ছাড়পত্র ও অনুমতি সাপেক্ষে বিশেষ ক্ষেত্রে ড্রোন ওড়ানো যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে ড্রোন উড্ডয়ন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড্রোন উড্ডয়ন নীতি লঙ্ঘন করা বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭ এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সাধারণ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

FJ
আরও পড়ুন