নতুন বাংলাদেশ গড়তে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়। এটি একটি গণঅভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ।’ 

তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক পথে এগোবে, নাকি পুরোনো অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাবে।

নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, পরাজয়ও তেমনি গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য।’ তিনি নির্বাচনের পর সবাইকে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অনুরোধ জানান।

ভাষণে প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ ও নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরেন। যারা গত ১৭ বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায়, যেখানে ভোটের মুখোশ ছিল কিন্তু ভোট ছিল না। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর দিন এসেছে।’

নারীদের অবদান স্মরণ করে তিনি বলেন,`নারীরাই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা।'

তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধান উপদেষ্টা জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে এবং প্রমাণ করবে যে, এই দেশ আর কখনও তার জনতার কণ্ঠ হারাতে দেবে না।’

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে দেওয়া এই ভাষণে প্রধান উপদেষ্টা জাতিকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন।

FJ
আরও পড়ুন