বিসিবিকে স্যালুট জানিয়ে যা জানালেন আসিফ নজরুল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল থাকার পর আইসিসির পক্ষ থেকে বড় ধরনের ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি বৈশ্বিক টুর্নামেন্ট যৌথ আয়োজনের প্রস্তাব দিয়েছে আইসিসি। সরকারের এই অবস্থান ও ক্রিকেট বোর্ডের কূটনীতিকে ‘দারুণ অর্জন’ ও ‘অনুকরণীয় দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দিলে পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় বিপিএল চলাকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দেওয়ার পরামর্শ দেন। তবে আইসিসি তাদের অবস্থানে অনড় থেকে ভারতকে ভেন্যু হিসেবে বহাল রাখে।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে গত ২২ জানুয়ারি সরকার ও বিসিবি যৌথভাবে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়। আসিফ নজরুল তখন স্পষ্ট জানিয়েছিলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। আইসিসির সভায় ভারতকে বিকল্প ভেন্যু হিসেবে না মানায় বাংলাদেশ দল ভারত সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

বয়কটের তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার আসিফ নজরুল এই সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের জন্য বড় বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “কোনো অনুশোচনা নেই। খেলোয়াড় ও ক্রিকেট বোর্ড দেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আইসিসি আমাদের কোনো শাস্তি দিচ্ছে না, বরং ভবিষ্যতে একটি বৈশ্বিক টুর্নামেন্ট সহ-আয়োজনের সুযোগ দিচ্ছে। এই ক্রিকেট ডিপ্লোম্যাসির জন্য আমি বিসিবিকে স্যালুট জানাই।”

উপদেষ্টা আরও যোগ করেন, দেশের মানুষের নিরাপত্তা ও সম্মানের খাতিরে এমন সিদ্ধান্ত ১০ বার নেওয়ার প্রয়োজন হলে ১০ বারই নেওয়া উচিত।

DR/SN
আরও পড়ুন