এমপিদের শপথে স্পিকার-ডেপুটি স্পিকারের সুযোগ নেই: আইন উপদেষ্টা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বর্তমান পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিকল্প সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে বর্তমানে সংবিধানে দুটি বিকল্প পথ খোলা আছে। বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকারের একজন পলাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ আয়োজন কার্যত অসম্ভব। এছাড়া তাদের বিরুদ্ধে গুরুতর মামলা ও পদত্যাগের বিষয়গুলো এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।

আইন উপদেষ্টা জানান, সংবিধানের বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি যেকোনো ব্যক্তিকে শপথ পড়ানোর জন্য মনোনীত করতে পারেন। এক্ষেত্রে প্রধান বিচারপতির মতো উচ্চপদস্থ সাংবিধানিক পদধারী কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

তিনি আরও একটি সাংবিধানিক পথের কথা উল্লেখ করে বলেন, যদি নির্বাচনের তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ অনুষ্ঠান আয়োজন করা না যায়, তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন।

আসিফ নজরুল বলেন, ‘সরকার দ্রুততম সময়ের মধ্যে নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। তাই বিলম্ব না করে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়াকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত পাঠানো হতে পারে বলেও তিনি জানান।

DR/FJ
আরও পড়ুন