মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করেছে সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে শুরু হওয়া নানা গুঞ্জনের প্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

প্রেস সচিব তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল নিয়ে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, তিনি ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে নির্বাচন অত্যন্ত সন্নিকটে হওয়ায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টা তাকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই তিনি নির্বাচনকালীন সময় পর্যন্ত দায়িত্ব পালন করেন।

প্রেস সচিব আরও বলেন, বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব।

এদিকে শেখ আব্দুর রশীদের বিদায়ের পর মন্ত্রিপরিষদ সচিবের শূন্য পদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তিনি বর্তমানে নিজ পদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, শেখ আব্দুর রশীদ অন্তর্বর্তী সরকারের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসনের শীর্ষ পদের দায়িত্ব পালন করেন। নির্বাচনের পর তাঁর বিদায়ের মাধ্যমে প্রশাসনে নতুন পরিবর্তনের ধারা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

DR/SN
আরও পড়ুন