নির্বাচনের পর কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুল আলম বলেন, ‘এবারের নির্বাচন এমন এক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে যেখানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা শক্তিশালী বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আমরা অত্যন্ত গর্বের সাথে লক্ষ্য করেছি যে, ভোট-পরবর্তী কোনো সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি।’ এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

প্রেস সচিব জানান, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দক্ষ পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তাদেরও অভিনন্দন জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের পর্যবেক্ষণ অনুযায়ী, এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো আত্মমর্যাদা ও জনআস্থা ফিরে পেয়েছে।

হাতিয়ায় সম্প্রতি ঘটা ধর্ষণের ঘটনার বিষয়ে প্রেস সচিব বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দ্রুত একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে শফিকুল আলম জানান, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

FJ
আরও পড়ুন