জাতীয় সংসদের পর এবার নজর স্থানীয় সরকার নির্বাচনের দিকে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করে এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপের শুরুতেই ঢাকার দুই সিটি (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জোরালো প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরের পর এই তিন সিটির নির্বাচনি তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যেই ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় চিঠির প্রেক্ষিতে নথিপত্র পর্যালোচনা করছে এবং দ্রুতই তা কমিশন সভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২ জুন, যার মেয়াদ গত বছরের ১ জুন শেষ হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হচ্ছে একটি পরিষদের মেয়াদ। এই মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হওয়ায় সেখানে নির্বাচন দ্রুত করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ বলেন, ‘জাতীয় নির্বাচন সফলভাবে শেষ করার পর আমরা এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছি। ঈদের পর থেকে ধাপে ধাপে এসব নির্বাচন আয়োজন করা হবে, যাতে সারা বছর জুড়ে নির্বাচনি কার্যক্রম সচল থাকে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের ১২টি সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পান বিএনপি নেতা শাহাদাত হোসেন। বর্তমানে ইউনিয়ন পরিষদ বাদে প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

DR
আরও পড়ুন