নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এই সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। পবিত্র রমজান মাসের মধ্যেই সংসদ ভবনে নতুন সরকারের এই প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৬ মার্চের মধ্যেই অধিবেশন শুরুর আইনি বাধ্যবাধকতা ছিল।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি চতুর্থবারের মতো কোনো সংসদের প্রথম অধিবেশন রমজান মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে অধিকাংশ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়ায় প্রথম অধিবেশনগুলো রমজানের বাইরেই অনুষ্ঠিত হয়েছিল। তবে আশির দশকের কিছু সংসদের প্রথম বৈঠক রোজার সময় হয়েছিল।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমেই সমাপ্তি ঘটে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করবেন। নতুন এই সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
