রামগতি ও কমলনগরে ভয়াবহ নদীভাঙন 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

​টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। অন্তত ১৫ থেকে ২০টি নতুন পয়েন্টে ভাঙন এবং নিম্নমানের ব্লকবাঁধ ধসে লাখো মানুষ এখন চরম ঝুঁকিতে রয়েছেন। ভাঙন ঠেকাতে তীর সংরক্ষণ বেড়িবাঁধ প্রকল্প চলমান থাকলেও সেই কাজের গতি মন্থর বলে অভিযোগ উঠেছে। 

​সরেজমিন ঘুরে দেখা গেছে- কমলনগরের লুধুয়া, পাটারীরহাট, সাহেবেরহাট, নবীগঞ্জ ও মতিরহাট এবং রামগতির বয়ারচর, চরগাজী, রঘুনাথপুর ও আলেকজান্ডার বিভিন্ন এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে ধস নেমেছে। বিশেষ করে রামগতি ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী বয়ারচর এলাকা তিন দিক থেকে ভাঙনের মুখে পড়েছে। একদিকে ভুলুয়া নদী এবং অন্য দুই পাশে মেঘনার প্রবল স্রোত আঘাত হানছে। এর আগে বয়ারচরের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং গাবতলী সুইজগেট এলাকায় সদ্য নির্মিত জিওব্যাগের কাজ জোয়ারের স্রোতে ভেস্তে যাওয়ায় বহু উদ্বাস্তু পরিবার এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

​স্থানীয়দের অভিযোগ, একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে গেলেও লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। রামগতি উপজেলায় ওয়েস্টিন কোম্পানির চারটি প্যাকেজ ও হাসান ব্রাদার্সের দুটি প্যাকেজ বাতিলসহ নানা জটিলতায় বাঁধের কাজে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।

​বয়ারচরের বাসিন্দা মো. মিজান ও আলাউদ্দীন বলেন, এক বছরের বেশি সময় ধরে ভাঙন চললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা চোখে পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে না। চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম খলিল দিদারও দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ না নিলে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

রামগতি পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল বলেন, কাজ ফেলে যাওয়া ঠিকাদারদের কাজ ও বাতিল হওয়া টেন্ডারগুলো পুনরায় দরপত্রের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং চলমান কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত