ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ছেয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীতে নেমেছে মানুষের ঢল। হাতে ফুল আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের দিকে দীর্ঘ লাইন। শৃঙ্খলা বজায় রাখতে রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার পর্যন্ত এলাকায় দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউটস সদস্যরা। একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বায়ান্নর সেই বীর সন্তানদের প্রতি।

শনিবার সকালে শ্রদ্ধা জানাতে আসে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, টিআইবি, বাংলাদেশ স্কাউটস, উদীচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও বহু মানুষ সপরিবারে এসেছেন। শিশুদের হাত ধরে শহীদ মিনারে উপস্থিত হয়ে অনেক অভিভাবককে তাদের কাছে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতেও দেখা গেছে।

শ্রদ্ধা জানাতে আসা সুলতান মাহমুদ সোহান নামের এক অভিভাবক বলেন, ‘এই দিনটি আমাদের প্রেরণার উৎস। যখন পশ্চিমারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা আত্মত্যাগের মাধ্যমে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল।’

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। প্রতি বছর এখানে এসে শ্রদ্ধা জানালে দেশপ্রেমের এক নতুন অনুভূতি জাগ্রত হয়।’

বাংলাদেশ স্কাউটসের সদস্য বিকাশ জানান, মানুষের আবেগ কত গভীর তা শৃঙ্খলা রক্ষা করতে এসে অনুভব করছেন তিনি। সবাই অত্যন্ত শ্রদ্ধা ও নিয়ম মেনে শহীদ বেদিতে ফুল দিচ্ছেন, যা জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক।

DR/SN
আরও পড়ুন