নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে জোর তৎপরতা শুরু করেছে নতুন সরকার। এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা পাবেন উপকারভোগীরা। ইতোমধ্যে কার্যক্রম তদারকিতে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড পেতে হলে আগ্রহী নাগরিকদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন এবং কী কী তথ্য প্রয়োজন হবে, তা নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
আবেদন করতে যা যা লাগবে
পুরোদমে আবেদন প্রক্রিয়া শুরুর আগে সম্ভাব্য সুবিধাভোগীদের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের জন্য প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন হবে:
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
২. পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি।
৩. একটি সচল মোবাইল নম্বর (যাতে অর্থ প্রাপ্তির বার্তা বা ওটিপি আসবে)।
অনিয়ম ও ভুয়া তালিকা ঠেকাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরি করছে সরকার। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা প্রভাবশালীদের অযাচিত হস্তক্ষেপের সুযোগ থাকবে না।
সরকার প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু করবে। এরপর পর্যায়ক্রমে দেশব্যাপী এটি সম্প্রসারিত হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরির কাজ চলছে, যার মাধ্যমে ঘরে বসেই আবেদন করা সম্ভব হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় পরিবারগুলোকে নিয়মিত বিরতিতে সরাসরি নগদ টাকা দেওয়া হবে। সরকারের বিশেষ পরিকল্পনা হলো- অর্থটি সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া, যা নারীর ক্ষমতায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করবে। এই সহায়তার পরিমাণ বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার চেয়ে বেশি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী
ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে কমিটি গঠন, ৮ উপজেলায় পাইলটিং
